যিনি সাধারণত আপনার মেসেজের উত্তর দেন, তিনি হঠাৎ উত্তর দেওয়া বন্ধ করলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তিনি কি আপনাকে ব্লক করেছেন? হয়তো মনে হচ্ছে আপনার মেসেজ আর তাঁর কাছে পৌঁছাচ্ছে না, কল কানেক্ট হচ্ছে না বা তাঁর প্রোফাইলের তথ্য বদলে গেছে।
বেশিরভাগ মেসেজিং অ্যাপ কেউ আপনাকে ব্লক করলে সরাসরি তা জানায় না। এই গাইডে জানবেন, কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন কীভাবে—মেসেজ পৌঁছানো, কল কানেক্ট হওয়া এবং প্রোফাইলের তথ্য দেখা যাওয়ার ক্ষেত্রে কোন পরিবর্তনগুলো খেয়াল করবেন।
কেউ আপনাকে ব্লক করে থাকতে পারেন—এমন 5টি লক্ষণ
1. আপনার মেসেজ ডেলিভার হচ্ছে না
মেসেজ ডেলিভার না হলে তার স্ট্যাটাসে পরিবর্তন দেখা যেতে পারে। imo-তে একটি নীল টিক চিহ্নের অর্থ হলো, মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু এখনও ডেলিভার হয়নি। আপনার মেসেজে নিয়মিত এই স্ট্যাটাস দেখা গেলে, ব্লক করা এর একটি সম্ভাব্য কারণ হতে পারে।
তবে একটি টিক চিহ্নের অর্থ এ-ও হতে পারে যে অন্য ব্যক্তির ফোন অফলাইনে আছে, তাঁর ইন্টারনেট সংযোগ অস্থির বা তাঁর অ্যাকাউন্ট আর সক্রিয় নেই।
আরও পড়ুন: imo-তে মেসেজ পাঠানো ও পড়ার স্ট্যাটাস কীভাবে দেখবেন।
2. আপনার কল কানেক্ট হচ্ছে না
ভয়েস বা ভিডিও কল আগের মতো কানেক্ট না-ও হতে পারে। কল কানেক্ট নাও হতে পারে, অথবা অন্য ব্যক্তি ধরার আগেই কেটে যেতে পারে। অন্য পরিচিতদের কল স্বাভাবিকভাবে করা গেলেও একজনকে বারবার কল করতে না পারার বিষয়টি বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে।
3. তাঁর প্রোফাইলে পরিবর্তন দেখতে পাচ্ছেন
তাঁর প্রোফাইল ছবি উধাও হয়ে যেতে পারে বা আগে দেখতে পাওয়া তথ্য আর দেখা না-ও যেতে পারে। কিছু মেসেজিং অ্যাপে ব্লক করলে প্রোফাইলের তথ্য ও আপডেট দেখার সুযোগ সীমিত হতে পারে।
গোপনীয়তার সেটিংসের কারণেও একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। কেউ তাঁর প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন তা সীমিত করতে পারেন, অথবা ছবিটি পুরোপুরি সরিয়ে ফেলতে পারেন।
4. তাঁর অনলাইন কার্যকলাপ আর দেখতে পাচ্ছেন না
তিনি শেষ কখন অনলাইনে ছিলেন, তাঁর অনলাইন স্ট্যাটাস বা স্টোরি আপনার কাছে আর দেখা না-ও যেতে পারে। মেসেজিং অ্যাপে ব্লক করলে এই কার্যকলাপ ও কনটেন্ট দেখার সুযোগ সীমিত হতে পারে।
5. একসঙ্গে একাধিক লক্ষণ দেখা যাচ্ছে
মেসেজ ডেলিভার না হওয়া, বারবার কল কানেক্ট না হওয়া এবং প্রোফাইলের তথ্য দেখা না যাওয়া—এই পরিবর্তনগুলো প্রায় একই সময়ে ঘটলে, যেকোনো একটি লক্ষণের তুলনায় সেগুলো একসঙ্গে ব্লক করার সম্ভাবনার দিকে বেশি ইঙ্গিত করতে পারে। তবে একসঙ্গে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেলেও, তা থেকে নিশ্চিত হওয়া যায় না যে আপনাকে ব্লক করা হয়েছে। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে বা দীর্ঘ সময় ধরে সংযোগের সমস্যা চললেও একাধিক ফিচার একসঙ্গে প্রভাবিত হতে পারে।
গোপনীয়তা রক্ষার স্বার্থে, কেউ আপনাকে ব্লক করেছেন কি না তা imo নিশ্চিত করতে পারে না, কে আপনাকে ব্লক করেছেন তা জানাতে পারে না এবং অন্য কোনো ব্যবহারকারীর ব্লক লিস্ট থেকে আপনাকে সরিয়েও দিতে পারে না।
এই পরিবর্তনগুলোর অন্য কারণও থাকতে পারে
ব্লক করা ছাড়াও সংযোগের সমস্যা, গোপনীয়তার সেটিংস বা অ্যাকাউন্টে পরিবর্তনের মতো কারণে একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।
ইন্টারনেট বা সংযোগের সমস্যা। অন্য ব্যক্তির মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হলে, ওয়াই-ফাই সংযোগ অস্থির হলে বা ডিভাইস অফলাইনে থাকলে মেসেজ ও কল স্বাভাবিকভাবে তাঁর কাছে না-ও পৌঁছাতে পারে। তিনি ভ্রমণে থাকলে বা নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ না পেলে এই সমস্যা আরও বেশি সময় ধরে চলতে পারে।
গোপনীয়তার সেটিংস। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা বেছে নিতে পারেন, কারা তাঁদের প্রোফাইল ছবি, অনলাইন স্ট্যাটাস, শেষ অনলাইনে থাকার সময় এবং অ্যাকাউন্টের অন্যান্য তথ্য দেখতে পারবেন। কিছু তথ্য আর দেখা না গেলেও অন্য ফিচারগুলো স্বাভাবিকভাবে কাজ করলে, গোপনীয়তার সেটিংসে পরিবর্তন এর কারণ হতে পারে।
অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা, মুছে ফেলা বা বদলে ফেলা। কেউ অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারেন, নতুন অ্যাকাউন্ট ব্যবহার শুরু করতে পারেন বা আগের অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। এর ফলে তাঁর প্রোফাইল দেখা যাচ্ছে কি না এবং মেসেজ বা কল তাঁর কাছে পৌঁছাচ্ছে কি না, তা প্রভাবিত হতে পারে।
অ্যাপ বা ডিভাইসে সাময়িক সমস্যা। পুরোনো সফটওয়্যার, পরিষেবায় বিঘ্ন বা কারও ফোনের সমস্যার কারণে মেসেজ ও কল করতে অসুবিধা হতে পারে। একাধিক পরিচিতের সঙ্গে একই ধরনের সমস্যা হলে, কারণটি নির্দিষ্ট কোনো ব্যক্তির দিক থেকে না হয়ে আপনার নিজের সংযোগ, ডিভাইস বা অ্যাপে থাকতে পারে।
কেউ আপনাকে ব্লক করেছেন বলে মনে হলে কী করবেন
কিছুটা সময় দিন। পরিবর্তনটি সম্প্রতি হয়ে থাকলে, এর অর্থ কী তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন। তিনি হয়তো ভ্রমণে আছেন, সংযোগের সমস্যায় পড়েছেন বা কিছুদিনের জন্য অ্যাপ ব্যবহার থেকে বিরতি নিয়েছেন। বারবার তাঁর প্রোফাইল দেখা বা পরীক্ষা করার জন্য মেসেজ পাঠানো থেকে নির্ভরযোগ্য উত্তর পাওয়া যাবে না।
সম্ভাব্য ব্লক এড়িয়ে যোগাযোগের চেষ্টা করবেন না। অন্য অ্যাকাউন্ট তৈরি করা, বারবার কল করা বা অন্যদের দিয়ে তাঁর কার্যকলাপ যাচাই করানো ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘন করতে পারে। কেউ যোগাযোগ সীমিত করার সিদ্ধান্ত নিলে, তা এড়ানোর উপায় না খুঁজে তাঁর সিদ্ধান্তকে সম্মান করুন।
আরেকটি মেসেজ পাঠানো ঠিক হবে কি না ভেবে দেখুন। তাঁর সঙ্গে যোগাযোগের যথার্থ কারণ থাকলে এবং আপনারা আগে থেকেই অন্য কোনো মাধ্যমে কথা বলে থাকলে, একটি সংক্ষিপ্ত ও ভদ্র মেসেজ পাঠানো যুক্তিসংগত হতে পারে। তাঁকে উত্তর না দেওয়ার সুযোগও দিন। তিনি স্পষ্টভাবে যোগাযোগ না করতে বলে থাকলে, অন্য অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন না।
কেউ কেন উত্তর দেওয়া বন্ধ করেছেন, তা হয়তো কখনোই পুরোপুরি জানতে পারবেন না। তাঁর অনলাইন কার্যকলাপের প্রতিটি পরিবর্তনের অর্থ খোঁজার বদলে, আপনার নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোয় মন দিন এবং কীভাবে এগোতে চান তা ঠিক করুন।
আপনি নিজেই কাউকে ব্লক করার কথা ভাবলে, জেনে নিন কাউকে ব্লক করলে কী হয় এবং এতে আপনার চ্যাট ও কলে কী প্রভাব পড়ে।