আপনার স্টোরি আরও আকর্ষণীয় করার 5টি আইডিয়া

Mon Nov 09 2026

স্টোরি তৈরি করার চেয়ে কী পোস্ট করবেন, সেটা ভাবতেই কখনো বেশি সময় লেগে যায়। ফোনে ছবি আছে, কিন্তু কী ক্যাপশন দেবেন মাথায় আসছে না। আবার নতুন ছবি না তুলেও নিজের কোনো খবর শেয়ার করতে ইচ্ছে হতে পারে।

দৈনন্দিন মুহূর্ত, ছবির ক্যাপশন থেকে শুরু করে বন্ধুদের উত্তর দেওয়ার সুযোগ করে দেয় এমন পোস্ট, এই স্টোরি আইডিয়াগুলো আপনাকে শুরু করতে সাহায্য করবে। আপনি যা শেয়ার করতে চান, তার সঙ্গে মানানসই স্টোরি তৈরি করতে imo-তে গান, স্টিকার ও AI দিয়ে তৈরি ছবি ব্যবহারের উপায়ও পাবেন এখানে।

কী পোস্ট করবেন বুঝতে না পারলে দৈনন্দিন স্টোরি আইডিয়া

চোখে পড়েছে এমন কিছু শেয়ার করুন। হাঁটতে গিয়ে নজর কেড়েছে এমন কিছু বা নতুন খেয়ে দেখা কোনো নাশতার ছবি দিতে পারেন। কোথায় পেয়েছেন বা অন্যদেরও খেয়ে দেখতে বলবেন কি না, তা লিখতে পারেন। খাবারের ছবিতে “আবারও কিনব” বা “দেখতে যতটা ভালো, খেতে ততটা নয়” এমন ছোট্ট মন্তব্যই যথেষ্ট।

কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখান। রান্না করলে শুরু করার আগে একটি, রান্নার মাঝখানে একটি এবং তৈরি খাবারের একটি ছবি তুলুন। শেষ ছবিতে ছোট করে লিখতে পারেন, রান্না কেমন হলো বা পরের বার কী বদলাবেন। গাছের টব বদলানো বা তাক জোড়া লাগানোর কাজও এভাবে দেখাতে পারেন।

ছোট কোনো সাফল্য শেয়ার করুন। পড়া শেষ করেছেন এমন কোনো বই, নতুন শিখেছেন এমন কোনো রান্না বা নিজের কোনো লক্ষ্য পূরণের কথা পোস্ট করতে পারেন। কিছু মেরামত করলে বা বানালে আগের ও পরের ছবি পাশাপাশি দিতে পারেন। কোন অংশে সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে বা কী নিয়ে আপনি খুশি, সেটাও লিখুন।

চলমান কোনো কাজের ছবি দিন। আঁকছেন এমন কোনো স্কেচ, অর্ধেক মেলানো পাজল বা হাতের কাজের ছবি শেয়ার করুন। কোন অংশটা করতে ভালো লাগছে বা কোথায় এখনো আটকে আছেন, তা বলতে পারেন।

নিজেকে ক্যামেরায় দেখাতে ইচ্ছে না হলে আশপাশের কোনো মুহূর্ত শেয়ার করুন। চা বানানোর সময় নিজের হাত, বসার জায়গা থেকে দেখা দৃশ্য বা পাশে খেলতে থাকা পোষা প্রাণীর ভিডিও করুন। ছোট ভিডিওর জন্য ফোনটা স্থির রাখুন, দৃশ্যের নড়াচড়া স্বাভাবিকভাবেই ধরা পড়বে।

ছবির স্টোরি আইডিয়া ও তৈরি ক্যাপশন

ছবিতে দেখা যায় না এমন কোনো ভাবনা, স্মৃতি বা তথ্য ক্যাপশনে যোগ করা যায়। দৈনন্দিন ছবির জন্য কয়েকটি ক্যাপশন আইডিয়া দেওয়া হলো।

ছবি ব্যবহার করতে পারেন এমন ক্যাপশন
আপনার কোনো জিনিসের ওপর ঘুমিয়ে থাকা পোষা প্রাণী “মনে হচ্ছে, এটা বিড়ালটার জন্যই কিনেছিলাম।”
নিজের রান্না করা খাবার “যেমন হয়েছে, তাতে বেশ খুশি।”
একসঙ্গে হাসতে থাকা বন্ধুরা “একটা স্বাভাবিক ছবি তোলার কথা ছিল আমাদের।”
পুরোনো বেড়ানোর ছবি “ওই ভ্রমণের দিনগুলোর মধ্যে এটা এখনো আমার অন্যতম প্রিয়।”
ঘর থেকে দেখা বৃষ্টির দৃশ্য “বাইরে বৃষ্টি। আজ ঘরেই থাকছি।”
ব্যস্ত দিনের শেষে কাজের টেবিল “আজকের মতো শেষ। বাকি ট্যাবগুলো পরে দেখব।”
ঝাপসা ছবিতে ধরা পড়া আনন্দের মুহূর্ত “ঝাপসা হলেও ছবিটা রেখে দিচ্ছি।”

আপনার সঙ্গে আসলে যা ঘটেছে, তার সঙ্গে মিলিয়ে ক্যাপশনের কোনো অংশ বদলে নিন। imo-তে স্টোরিতে লেখা, স্টিকার বা আঁকিবুঁকি যোগ করতে পারেন। ক্যাপশন এমন জায়গায় রাখুন, যাতে কারও মুখ বা ছবির মূল বিষয় ঢাকা না পড়ে। পেছনে অনেক কিছু থাকায় লেখা স্পষ্ট না হলে ছবির তুলনামূলক ফাঁকা অংশে সরিয়ে দিন।

imo Story সম্পর্কে বিস্তারিত

ছবি না থাকলে সৃজনশীল স্টোরি আইডিয়া

মনের কোনো ভাবনা, পরিকল্পনা বা অনেক দিন ধরে বলতে চাইছেন এমন কিছু লিখে টেক্সট স্টোরি দিতে পারেন। সেটা হতে পারে সাপ্তাহিক ছুটির পরিকল্পনা, সাম্প্রতিক কোনো কথোপকথনের একটি লাইন বা সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আপনার মতামত।

imo-এর Magicstatus দিয়ে ইমোজি থেকেও ছবি তৈরি করতে পারেন। চ্যাট তালিকার ওপরে থাকা স্টোরির ক্যামেরা আইকনে ট্যাপ করুন, Magicstatus খুলুন এবং মনের অবস্থার সঙ্গে মেলে এমন একটি ইমোজি বেছে নিন। এরপর তৈরি ছবিটি স্টোরিতে পোস্ট করতে পারবেন।

ক্যাপশন দিলে সেখানে মনের অবস্থার কারণটা বলতে পারেন, যেমন “শেষ পরীক্ষাটাও শেষ।” আরেকটি আইডিয়া হলো ইদানীং ভালো লাগছে এমন কিছু জিনিসের ছোট তালিকা। কয়েকটি গান, নাশতা বা শোয়ের নাম লিখে প্রতিটি নিয়ে ছোট্ট মন্তব্য যোগ করুন। নামগুলো উল্লেখ করুন, যাতে বন্ধুরাও খুঁজে নিতে পারেন।

স্টোরির মুড অনুযায়ী গানের আইডিয়া

ছবি বা ভিডিও একই থাকলেও গানের গতির সঙ্গে স্টোরির মুড বদলে যেতে পারে। ধীর লয়ের গান শান্ত আবহ আনতে পারে, আর দ্রুত তালের গান যোগ করতে পারে চনমনে ভাব।

চাইলে এই গানের আইডিয়াগুলো ব্যবহার করে দেখতে পারেন।

  • শান্ত সকাল। মৃদু কোনো যন্ত্রসংগীত দিতে পারেন, বিশেষ করে স্টোরিতে এমন লেখা থাকলে যা আপনি চান অন্যরা পড়ুক।

  • বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। সেই দিনের সঙ্গে জড়িয়ে আছে এমন কোনো গান বেছে নিন, যেমন যাওয়ার পথে সবাই মিলে শুনেছিলেন যে গানটি।

  • পুরোনো ভ্রমণের ছবি। ভ্রমণের সময় শোনা কোনো গান বা জায়গাটির কথা মনে করিয়ে দেয় এমন গান দিতে পারেন।

  • রান্নায় ছোটখাটো বিপত্তি। বসে যাওয়া কেক দেখানোর মুহূর্তের সঙ্গে গানের নাটকীয় অংশ মিলিয়ে দিলে ভিডিওর শেষটা মজার হতে পারে।

imo-এর মিউজিক লাইব্রেরিতে 10টিরও বেশি ধরনের গান ও সুর আছে। চাইলে ফোন থেকেও অডিও আপলোড করতে পারেন। পোস্ট করার আগে তৈরি ক্লিপটি একবার শুনে নিন। ভিডিওর আসল শব্দও শোনাতে চাইলে এমন গান বেছে নিন, যাতে সেই শব্দ চাপা না পড়ে।

ছবির স্টোরিতে মজার, শান্ত নাকি একটু আবেগঘন গান মানাবে, তা ক্যাপশন দেখে বেছে নিতে পারেন। ছোট স্টোরির জন্য গানের এমন অংশ নিন, যেখানে আপনার পছন্দের সুর বা কথাগুলো শুরুতেই আসে। তাহলে সেই অংশ শোনার আগেই ক্লিপ শেষ হয়ে যাবে না।

বন্ধুদের উত্তর দিতে উৎসাহিত করে এমন স্টোরি

স্টোরিতে বন্ধুদের পরামর্শ চাইতে পারেন, কিছু বেছে নিতে সাহায্য চাইতে পারেন বা একসঙ্গে কাটানো কোনো স্মৃতির কথা তুলতে পারেন।

বেছে নিতে বন্ধুদের সাহায্য নিন। দুটি মিষ্টান্ন, সিনেমা বা পোশাকের মধ্যে কোনটি বেছে নেবেন, তা জানতে চান। সঙ্গে একটু প্রসঙ্গ যোগ করুন। যেমন, দুটি পোশাকের ছবির পাশে লিখতে পারেন, “খোলা জায়গায় জন্মদিনের পার্টিতে কোনটা পরব?”

ছবি দেখে অনুমান করার খেলা দিন। রান্নার কোনো উপকরণের খুব কাছ থেকে তোলা ছবি বা পরিচিত কোনো জায়গার অন্যরকম কোণ থেকে তোলা ছবি শেয়ার করুন। সবাইকে আন্দাজ করার সুযোগ দিয়ে পরে পুরো ছবিটি দিন।

একটি নাম সাজেস্ট করতে বলুন। সিনেমার পুরো তালিকা চাওয়ার চেয়ে “কোন সিনেমাটা আবারও দেখতে চাইবেন?” এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ। সিনেমাটির কী ভালো লেগেছে, সেটাও জানতে চাইতে পারেন।

একসঙ্গে কাটানো কোনো স্মৃতি ফিরিয়ে আনুন। পুরোনো কোনো গ্রুপ ছবি দিয়ে লিখুন, “এই দিনের কোন ঘটনাটা সবচেয়ে বেশি মনে আছে?”

imo-তে বন্ধুরা আপনার স্টোরিতে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন বা মেসেজে উত্তর দিতে পারেন। এরপর ব্যক্তিগত চ্যাটে কথা চালিয়ে যেতে পারেন।